সোমবার, ১৮ জানুয়ারি, ২০১০

বসুর জন্মভূমি বারদীতে শোকের ছায়া

বসুর জন্মভূমি বারদীতে শোকের ছায়া

বারাদী গ্রামের গর্ব জ্যোতি বসুর মৃত্যুর খবর বারাদী গ্রামে পৌঁছামাত্রই শোকের ছায়া নেমে আসে। জ্যোতি বসুর বাড়িতে ভিড় জমায় অনেকে। গ্রামের মানুষের বক্তব্য, দেশের পাশের একটি রাজ্যের উজ্বল একজন রাজনীতিকের সঙ্গে তারা অনেক বিষয়ে একাত্মতা প্রকাশ করতেন। বসুও বারাদী গ্রামের কথা তার অনেক স্মৃতিকথায় উল্লেখ করেন।
রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে শৈশব স্মৃতি বিজড়িত বাড়িতে কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হলো না কমরেড জ্যোতি বসুর। গত বছরের ১৫ জুলাই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় জ্যোতি বসুর পিতামহের বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। সেখানে একটি সমৃদ্ধ আর্ন্তজাতিক মানের গ্রন্থাগার, যাদুঘর, কমপ্লেক্স ভবন নির্মাণের কথা জানানো হয়। সংস্কৃতি মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের বাড়িটি পরিদর্শন করে জানিয়েছিলেন, জ্যোতি বসুর নিজ হাতে এই কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন।
বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার জীবনের একটা অংশ কেটেছে মেঘনা নদীর তীরে সোনারগাঁওয়ের বারদী চৌধুরী পাড়া গ্রামে। আজো বারদীর চৌধুরীপাড়া গ্রামে জ্যোতি বসুর স্মৃতি বিজড়িত পুরনো আমলের কারুকার্যময় দোতলা বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশের বিভিন্ন স্থান থেকে জ্যোতি বসুর বাড়িটি একনজর দেখার জন্য ছুটে আসেন অনেকেই। এক সময়ে জ্যোতি বসুকে দেখাশোনার দায়িত্বে থাকা আয়াতুন নেছার ছেলে ৭৫ বছরের শহীদুল্লাহ পরিবার জ্যোতি বসুর স্মৃতি নিয়ে বসবাস করছেন।
বারাদী গ্রামে জ্যোতি বাবুর স্মৃতি জড়িত বাড়িটিতে গিয়ে দেখা যায়, সোনারগাঁও উপজেলার বারদী চৌধুরীপাড়া গ্রামে ২ একর ৪ শতাংশ জমিতে দোতলা বাড়ি জ্যোতি বসুর। দোতলা বাড়ির নিচ তলায় রয়েছে দুটি রুম ও একটি বেঠকখানা, উপর তলায় দুটি রুম ও একটি ড্রয়িং রুম। এছাড়া বিশাল বাড়ির পাশে রয়েছে পুকুরসহ বিভিন্ন প্রকার গাছপালা। ১৯৪০-৪২ সাল পর্যন্ত জ্যোতি বসুর পরিবারের লোকজন সোনারগাঁওয়ের এই বাড়িতে থাকতেন। এর পর তারা কলকাতা চলে যান। জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু পেশায় ডাক্তার ছিলেন। এছাড়া তার ব্যবসাও ছিল। তিনি কলকাতা থেকে প্রায়ই সোনারগাঁওয়ের বারদীতে বেড়াতে আসতেন। ডা. নিশিকান্ত বসু সোনারগাঁওয়ের বারদী চৌধুরীপাড়া গ্রামের খিরোধা সুন্দরীর মেয়ে হেমলতাকে বিয়ে করেন। এ বাড়িটি ছিল জ্যোতি বসুর নানী খিরোধা সুন্দরীর। জ্যোতি বসুর মা হেমলতা বসু ছোটবেলায় মারা গেলে জ্যোতি বসুকে দেখভালের জন্য শহীদুল্লার মা আয়াতুন নেছাকে দায়িত্ব দেয়া হয়। লোকমুখে শোনা গেছে, আয়াতুন নেছা জ্যোতি বসুর দুধ মা ছিলেন। বর্তমানে সোনারগাঁওয়ে জ্যোতি বসুর কোন আত্মীয়-স্বজন এখানে নেই। সোনারগাঁওয়ের বাড়িটি দেখাশোনার জন্য শহীদুল্লাহকে দায়িত্ব দেয়া হয়েছে।
জ্যোতি বসু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইউসুফ আলী জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি প্রথমে ১৯৮৭ সালের ৩০ জানুয়ারি ও পরে ১৯৯৭ সালের ১১ নভেম্বর জ্যোতি বসু দুবার বাংলাদেশে এসে তিনি তার শৈশব স্মৃতি বিজড়িত স্থান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী চৌধুরীপাড়া গ্রামে এসে বেশ কিছু সময় কাটান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন