সোমবার, ১৮ জানুয়ারি, ২০১০

কমরেড জ্যোতি বসু মহা প্রয়াণে


কমরেড জ্যোতি বসু মহা প্রয়াণে
আনোয়ারুল করিম:
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট বামনেতা জ্যোতি বসু গতকাল রবিবার দুপুরে মারা গেছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ১৭ দিন থাকার পর ৯৬ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনি মহাপ্রয়াণে চলে গেলেন। চিকিৎসকদের সমস্ত রকম প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর সঙ্গে এক অসীম লড়াইয়ে হার মানলেন প্রবীন এই কমরেড। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটে হাসপাতালের বাইরে সাংবাদিকদের সামনে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। তার মৃত্যুর সঙ্গে শেষ হল উপমহাদেশের এক দীর্ঘ রাজনীতিকের বর্নাঢ্য ইতিহাস।
জ্যোতি বসুর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে শোক বার্তা দিয়েছেন। এছাড়া ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস নেত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
এদিকে তার ইচ্ছানুযায়ী তার মুত্যুর সংবাদ ঘোষিত হবার পর সুশ্র“ত আই ফাউন্ডেশানের পক্ষ থেকে তার দুটি চোখকে সংগ্রহ করা হয়। তিনি দেহদানও করে গেছিলেন। ২০০৩ সালে ৪ এপ্রিল তিনি একটি অনুষ্ঠানে এর জন্য সম্মতিপত্রে সাক্ষর করেছিলেন। সেদিনের ভাষণে, এই প্রবাদপ্রতিম জননেতা বলেছিলেন, আমি জানতাম কমিউনিস্টরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করেন। কিন্তু মৃত্যুর পরও দেহদান করে আমি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমার মৃতদেহকে মানবসেবার কাজে লাগতে পারবো। সত্যিই তার মৃত্যু পাখির পালকের মতো হালকা নয়, হিমালয়ের মতোই ভারি। তা সবাই মনে রাখবেন, কমরেড জ্যোতি বসুকে, যতদিন এই পৃথিবীতে শোষনহীন সমাজ গড়ার লক্ষে মানবতার সংগ্রাম জারী থাকবে।
ভারতজুড়ে শোকের ছায়া
প্রবীণ জননেতা জ্যোতি বসুর প্রয়াণে ভারতসহ সমগ্র পশ্চিমবঙ্গে শোকের ছায়া নেমে আসে। টিভিতে এই খবর প্রচার হওয়ার পর থেকেই হাজার মানুষ চলে যান তাকে একটিবার দেখার জন্য আমরি হাসপাতালের সামনে। জনতার ঢলে বার বার পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পড়ে। উপস্থিত জনতার মধ্যে শোকের মাতম দেখা যায়। তার মরদেহ শবদেহ বাহিত গাড়িতে করে হাসপাতালে বাইরে আনলে জনতার মধ্যে কান্নার রোল ওঠে। অনেকেই চিৎকার করে ‘কমরেড জ্যোতি বসু অমর রহে’ স্লোগান তুলে কান্নায় ভেঙ্গে পড়েন। রক্ত বর্ণের লাল জমিনে কাস্তে হাতুড়ি অঙ্কিত সিপিআইএমের পতাকায় তার মরদেহ ঢেকে দেওয়া হয়। স্থানীয় সময় বেলা আড়াইটায় তার মরদেহ নিয়ে শোক মিছিল কলকাতা পিস হেভেনের দিকে যাত্রা করে। হাসপাতাল থেকে পিস হেভেন পর্যন্ত অগণিত মানুষ রাস্তার ধারে তার মরদেহ দেখার জন্য জমায়েত হন। কলকাতাসহ ভারতের সমস্ত সিপিএম পার্টি কার্যালয়ে রক্ত পতাকাকে অর্ধনমিত করা হয়। কলকাতাসহ রাজ্যের সর্বত্র দোকানপাট অঘোষিতভাবেই বন্ধ হয়ে যায়। সব মহল্লার মোড়ে তার প্রতিকৃতিতে মালা দেওয়া শহীদবেদী দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি টিভি চ্যানেল ও রেডিওতে তার সম্পর্কিত বিভিন্ন সংবাদ পরিবেশিত হয়। আজ তার মরদেহ পিস হেভেনের মর্গে রাখা হবে। তার মৃত্যুতে পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য সিপিএম পলিট ব্যুরো সন্ধ্যায় এক জরুরি বৈঠকে বসেন।
সকালে তার মৃত্যু সংবাদ ঘোষণা হবার পর থকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ সমাজের সর্বস্তরের মানুষজন হাসপাতালে চলে আসেন শ্রদ্ধা জানাতে। কলকাতায় অবস্থানরত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম হাসাপাতালে তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ভারতে মহান নেতা। আর কিছুই আমি বলতে পারবো না। ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানর্জি বলেন, তিনি বাংলার মহান নেতা। আমি শোকাহত। তিনিই ছিলেন ভারতের বাম আন্দোলনের কান্ডারী। আমরা দলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি তিন দিনের জন্য বাতিল করছি। আর সেই সঙ্গে ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি তার মৃত্যুতে ৭২ ঘন্টার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক। বিখ্যাত চিত্র পরিচালক মৃনাল সেন বলেন, একটি যুগের অবসান হল। ভারতের সাবেক রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব টিভি চ্যানেলের সামনে বলতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, আমি পিতৃহারা হলাম আরো একবার। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার শোক বার্তায় বলেন, বসুর প্রয়াণ রাজনীতির যুগবসান। বাংলার স্থিতিশীলতা ফেরানোর কারিগর তিনি। অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, প্রথম ইউপিএ সরকারের বাইরের থেকেই তিনিই আসল স্থপতি। জ্যোতি বসুর বন্ধু পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এদিন বলেন, তার মৃত্যু শুধু দেশের নয়, সব রাজনৈতিক দলের ক্ষতি। ৬০ বছরের বন্ধু আমরা। বন্ধুত্বে কখনও রাজনৈতিক লড়াই তিনি আনতেন না। মনে আছে, ও বিরোধী দলনেতা হলো বিধান সভায়। খুব কষ্ট করে চলতো। ৭৫০ টাকা বেতন পেলেও তা নিত না কখনও। ভারতের সাবেক লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় হাসপাতালে বলেন, আমি মর্মাহত। আমার রাজনৈতিক গুরু ছিলেন ওনি। খেটে খাওয়া মানুষের নেতা। বিজেপির মুখপাত্র সাংসদ অরুণ জেটলি নয়াদিল্লিতে বলেন, সারা জীবন গরীবের জন্য কাজ করেছেন। ওনার মৃত্যুতে ভারতের রাজনীতির একটি আসন খালি হলো। যা পূর্ণ হবার নয়। এদিন বলিউডের চিত্রতারকা মিঠুন চক্রবর্তী বলেন, সব রাজনৈতিকদলের কাছে অনুরোধ করছি রাজনীতির উর্দ্ধে ওঠে আসুন আমরা ওকে অমর করে রাখি।
প্রধানমন্ত্রী স্পিকার ও বিএনপির শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু পশ্চিমবঙ্গের এ নেতার মৃত্যু অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি শুধু ভারতের নয়; বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য বিরাট ক্ষতি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জ্যোতি বসুর ভূমিকার কথা বাংলাদেশীরা চিরকাল মনে রাখবে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
স্পিকার তার শোকবার্তায় বলেন, সর্বজন শ্রদ্ধেয় জ্যোতি বসু ছিলেন গণমানুষের নেতা। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিক বন্ধু। এদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। এদেশের কল্যাণে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক শোকবার্তায় বলেন, জ্যোতি বসুর মৃত্যু বিশ্বের যেকোনো গণতন্ত্রপ্রিয় নাগরিকের জন্যই শোকের বিষয়। জ্যোতি বসুর শোকসন্তপ্ত পরিবার এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কিস্ট) এর শোকাহত নেতৃত্বের প্রতিও সমবেদনা জানান বেগম জিয়া। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে জ্যোতি বসুর বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে বেগম জিয়া বলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু। বিএনপির পক্ষ থেকে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জামায়াতে ইসলামীও জ্যোতি বসুর মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে। এতে দলটির প্রধান মতিউর রহমান নিজামী বলেন, জ্যোতি বসু দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রাজ্যের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন