কালের কণ্ঠ প্রতিবেদক : সাভারের বক্তারপুরে বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বেদিয়া ফেডারেশন অব বাংলাদেশ। ভারতের বেদিয়া ফেডারেশনের সেক্রেটারি ড. রক্তিম দাশের প্রচেষ্টায় গড়ে ওঠা সদ্য প্রতিষ্ঠিত এ সংগঠনটি এখন বাংলাদেশে বেদেদের অধিকার আদায়ে কাজ করবে। বক্তারপুর বেদে সম্প্রদায়ের প্রধান ইউসুফ মাতবরের আমন্ত্রণে কিছুদিন আগে রক্তিম দাশ বাংলাদেশে আসেন। বেদিয়া ফেডারেশন অব বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে রক্তিম দাশ বলেন, ভারতে বেদেরা পেশা রক্ষার লড়াই করছে। সে দেশের বন্যপ্রাণী আইনের কারণে তারা সাপ পুষতে পারে না। এমনকি সাপের খেলাও দেখাতে পারে না। এ দেশে সে রকম পরিস্থিতি না থাকলেও বেদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বেদিয়া ফেডারেশন অব বাংলাদেশের আহ্বায়ক আনোয়ারুল করিম রাজু বলেন, এ দেশে পাহাড় ও সমতলের আদিবাসীরা তাদের মর্যাদা পেলেও ঐতিহ্যবাহী বেদে জনজাতি মর্যাদা পাচ্ছে না। পুরনো এ পেশার মানুষজন নানা কারণে তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। বেদেদের প্রধান ইউসুফ মাতবর বলেন, বক্তারপুরে বাংলাদেশের সবচেয়ে বড় বেদে জনজাতির বাস। তবে এখানে নিম্ন আয়ের বেদেদের মাঝে খাসজমি বণ্টন না করে বেদেপাড়ার জমি ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে। ভূমি দখল প্রতিহত করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সূত্র: দৈনিক কালের কণ্ঠ (৫ মার্চ ২০১০)
সূত্র: দৈনিক কালের কণ্ঠ (৫ মার্চ ২০১০)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন